দুদকের মামলায় কাস্টমস কর্তা দেবাশীষ কুন্ডকে কারাগারে প্রেরণ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-০৮ ০৯:৫৪:০৬
দুদকের মামলায় দেবাশীষ কুন্ড নামে কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন যশোরের আদালত।
দেবাশীষ যশোর শহরের নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার নীলরতন কুন্ডর ছেলে। তিনি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সাভার অফিসের কাস্টমস সুপারিনটেনডেন্ট ছিলেন।
দুদকের মামলায় বৃহস্পতিবার দেবাশীষ যশোর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে, দুদকের আরেকটি মামলায় দেবাশীষের স্ত্রী লতিকা কুন্ডর অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।
লতিকা শহরের ঝুমঝুমপুর এলাকার প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব।
পিপি জানান, রাজস্ব কর্মকর্তা অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে স্থানান্তর করেছেন; যা দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তাদের অর্জিত সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন ওই দম্পতি।
মামলার অভিযোগে বলা হয়েছে, গতবছরের ১৯ নভেম্বর দেবাশীষ কুন্ডর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ১৯৯০-৯১ অর্থবছর থেকে ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত তিনি ৫৯ লাখ ৭৬ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ছয় লাখ ৮৫ হাজার ৮৪১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
একই দিন, দুদকে দেবাশীষের স্ত্রী লতিকা কুন্ডর নামে আরেকটি মামলা করা হয়। মামলায় ২০ লাখ ছয় হাজার ১৮৬ টাকার সম্পদের তথ্য গোপন ও এক কোটি দশ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
পৃথক দুই মামলায় বৃহস্পতিবার স্বামী-স্ত্রী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত লতিকা কুন্ডর জামিন মঞ্জুর করলেও তার স্বামী দেবাশীষ কুন্ডর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সানবিডি/নাজমুল






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













