নবীনগরে তিতাসের পাড় ভরাট, ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-০৬ ১৮:০৭:২৭


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা বালু ২০ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার তিতাস নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তিতাস নদীর পাড় দখল করে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আহমদ প্রাইভেট হাসপাতালের মালিক মোহাম্মদ ফরিদ মিয়াকে নদীর পাড় ভরাটের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আইন অনুযায়ী কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত একই সঙ্গে অবৈধভাবে ভরাট করা বালু আগামী ২০ দিনের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। নদীর পার দখল বা ভরাট করে পরিবেশের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

স্থানীয় সচেতন ব্যক্তিরা তিতাস নদীর পাড় রক্ষায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নদী দখল ও অবৈধ ভরাটের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নদী দখল ও পরিবেশ দূষণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এনজে