সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা
প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-০৬ ০৯:৩৪:০৪
সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন আমিনবাজারের বড়দেশী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজধানীতে এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে বড়দেশী এলাকায় সড়কে অবস্থান করার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে এসআই আলতাফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি আরও ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে এসে আলতাফ হোসেনের ওপর হামলা চালায়।
এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, দুর্বৃত্তরা পুলিশ সদস্যকে মারধর করে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














