৩০০ গোলের মাইলফলকে হালান্ড, পেছনে ফেললেন রোনালদো-এমবাপেকে
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-০৬ ০৯:১৮:৪৬
ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটির বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আর্লিং হালান্ড। এই গোলের মাধ্যমে ক্লাব ফুটবলে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন নরওয়েজিয়ান এই তারকা।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৬তম মিনিটে হালান্ডের গোলেই জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। এনজো মারেস্কার দলের বিপক্ষে পাওয়া এই জয়ে লিগে টানা তিন ম্যাচেই জয় পেল সিটি।
হালান্ডের ৩০০তম ক্লাব গোল এসেছে ৩৮৪ ম্যাচে। মোলদে, রেড বুল সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলে এই কীর্তি গড়েছেন তিনি।
এই মাইলফলকে পৌঁছাতে হালান্ড সময় নিয়েছেন ৩৮৪ ম্যাচ। লিওনেল মেসি ৩৬৫ ম্যাচে ৩০০ ক্লাব গোলের মাইলফলকে পৌঁছেছিলেন। অন্যদিকে কিলিয়ান এমবাপে ৩৯৮ এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ৪৯৯ ম্যাচে এই কীর্তি গড়েন। ফলে ম্যাচের হিসাবে এমবাপে ও রোনালদোর চেয়ে দ্রুত ৩০০ গোল পূর্ণ করলেন হালান্ড।
ম্যাচ শেষে অবশ্য নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি বলেন, খেলাটা শেষ করার জন্য আমার আরও গোল করা উচিত ছিল। কিন্তু আমি তা করতে পারিনি। ফলে দলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল এবং শেষ পর্যন্ত কভেন্ট্রি খেলায় টিকে ছিল।
প্রিমিয়ার লিগের ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে বলেও মন্তব্য করেন হালান্ড।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














