টেস্ট র‌্যাঙ্কিং

সিংহাসনে স্টার্ক, বড় লাফ শরিফুলের

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-২৬ ১৯:৩৬:৫৭


মাত্র দেড় দিনেই শেষ হয়েছে ম্যাকাই টেস্ট। স্বল্প দৈর্ঘ্যের ম্যাচটিতে বল হাতে দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের শরিফুল ইসলাম ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তাদের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন স্টার্ক। অন্যদিকে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন শরিফুল।

বুধবার (২৬ আগস্ট) পুরুষদের টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে দুই ধাপ এগিয়ে ৮৭৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন স্টার্ক। ম্যাকাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহকে। বুমরাহ দুই ধাপ পিছিয়ে দ্বিতীয় এবং নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এক ধাপ নেমে তৃতীয় অবস্থানে রয়েছেন।

ম্যাকাই টেস্টে দুই ইনিংসে তিনটি করে মোট ছয় উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।

বাংলাদেশের হয়ে ম্যাকাই টেস্টে সাত উইকেট নিয়ে বিদেশের মাটিতে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার অর্জন করেন শরিফুল ইসলাম। এর সুবাদে ১৭ ধাপ এগিয়ে ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে ৫৭তম স্থানে উঠেছেন এই বাঁহাতি পেসার। এটি টেস্ট র‌্যাঙ্কিংয়ে তার ক্যারিয়ারসেরা অবস্থান।

তবে বাংলাদেশের অন্য বোলারদের অবস্থানের অবনতি হয়েছে। তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১৩তম, হাসান মাহমুদ নয় ধাপ পিছিয়ে ৪৭তম এবং তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১তম স্থানে রয়েছেন।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন ইংল্যান্ডের ওলি রবিনসন, জশ টাং ও জফরা আর্চার। রবিনসন ১৫ ধাপ এগিয়ে ১১তম, টাং ১৬ ধাপ এগিয়ে ১৭তম এবং আর্চার ছয় ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠেছেন। শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো পাঁচ ধাপ এগিয়ে ১৫তম এবং প্রবাথ জয়সুরিয়া পাঁচ ধাপ এগিয়ে ১৬তম হয়েছেন। ভারতের মানব সুথার ২৮ ধাপ এগিয়ে ৪৮তম এবং পাকিস্তানের আলি উসমান ৩০ ধাপ এগিয়ে ৬৭তম অবস্থানে উঠেছেন।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে অবশ্য পিছিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন। লিটন দাস ছয় ধাপ পিছিয়ে ৩৪তম, মুমিনুল হক পাঁচ ধাপ পিছিয়ে ৩৬তম, মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৬৩তম এবং সাদমান ইসলাম সাত ধাপ পিছিয়ে ৬৫তম স্থানে রয়েছেন।

অন্যদিকে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠেছেন। নাজমুল হোসেন শান্ত রয়েছেন ২০তম অবস্থানেই।

টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। যথাক্রমে হ্যারি ব্রুক, জো রুট ও স্টিভ স্মিথ রয়েছেন শীর্ষ তিনে। রাচিন রবীন্দ্র দুই ধাপ এগিয়ে ষষ্ঠ, ঋষভ পান্ত ছয় ধাপ এগিয়ে সপ্তম এবং ড্যারিল মিচেল তিন ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন।

শ্রীলঙ্কার সোনাল দিনুশা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করার সুবাদে ৪৯ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে উঠেছেন। টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বড় কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ তিনে রয়েছেন রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন ও মেহেদী হাসান মিরাজ।

বিএইচ