শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে পুষ্টিকর খাদ্য দেবে সরকার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-০৩ ১৬:২৩:২৪


২০২৭ সালে দেশের ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সোনাডাঙ্গার একটি অভিজাত হোটেলে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন-সংক্রান্ত মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ফিডিং কর্মসূচি শুরু করার পর প্রধান শিক্ষকরা যেসব প্রতিকূলতার মুখোমুখি হচ্ছিলেন। সাপ্লাই সংকট ছিল, কিছু কোয়ালিটি সংকট ছিল। খুলনার পাইকগাছা উপজেলার ১৬৭টি স্কুলের প্রত্যেকটি সংকট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এখন তারা সাপ্লাই পাচ্ছে। দু-একটি সমস্যা পাচ্ছে, যারমধ্যে দু-একটি কলা একটু কাঁচা অবস্থায় পাচ্ছে। যার সমাধান ইতোমধ্যে নীতিমালায় করে দেওয়া হয়েছে। তারা যদি সঠিক মানের কলা বা কিছু না পায় তাহলে ফেরত দিয়ে দেবে। পঁচা কোনো কিছু এখন আর তারা পাচ্ছে না। সবকিছু ভালো কোয়ালিটির। নীতিমালায় রয়েছে পঁচা কোনো কিছু যদি স্কুলে আসে তাহলে ওইগুলো ২৪ ঘণ্টার মধ্যে টেস্টিংয়ের জন্য পাঠানো হবে। টেস্টিংয়ের ফলাফল অনুযায়ী ওই টেন্ডার অর্ডার বাতিল করা হবে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, বিগত দিনে শিক্ষার মান কিছুটা হ্রাস পেলেও বর্তমানে প্রশিক্ষণ, কারিকুলাম, নিয়োগ ও লার্নিং স্টাইলে ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষক নিয়োগের অতীত ইতিহাস নয়, বরং তাদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ইচ্ছামতো বা এলোমেলো বদলি বন্ধ করে নীতিমালার আওতায় বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত শিক্ষক থাকলে প্রয়োজন অনুযায়ী অন্য স্কুলে বদলি করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন শিক্ষা নীতিমালার উপরে কাজ করছে। নীতিমালায় যেভাবে কাজ চলছে বাংলাদেশের কোনো শিক্ষক নিরাশ হবে না।

প্রতিমন্ত্রী বলেন, আমরা সঠিক গণতান্ত্রিক জবাবদিহিতামূলক সরকার। প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন এবং সেইভাবে তিনি সরকার পরিচালনার কাজ করছেন । আমরাও সেইভাবে কাজ করছি।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. মতিয়ার রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. আবুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপবৃত্তি) মো. মাসুদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, পুষ্টি মান বজায় রাখা এবং প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ফিডিং কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। সভায় খুলনা অঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।

বিএইচ