ইউজিসি সদস্য ড. মামুন

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২৪ ১৮:৩০:১৭


মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত, দক্ষতা উন্নয়ন এবং দেশে-বিদেশে কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মবাজারমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি বলেন, চলতি আগস্ট মাসের মধ্যেই এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাদ্রাসায় উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মামুন বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো কারিকুলামকে কর্মবাজারমুখী করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন। এর মাধ্যমে দেশের পাশাপাশি বিদেশেও মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন ভাবনার বড় একটি অংশজুড়ে মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে। আগের সরকার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়ন ও তাদের ভাগ্য পরিবর্তন করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

ড. মামুন বলেন, অন্যান্য শিক্ষা ধারার শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষতা ও সুযোগের যে ব্যবধান রয়েছে, তা কমিয়ে আনতে চায় সরকার। দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের জাতি গঠন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

কারিকুলাম যুগোপযোগী করার ক্ষেত্রে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ওপর থেকে সিদ্ধান্ত না নিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত নিয়ে কারিকুলাম প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আলোচনার ভিত্তিতে চলতি মাসের মধ্যেই একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। পরে তা শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।

কর্মশালায় মাদ্রাসা শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার সুযোগ এবং ইউজিসির উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের যুক্ত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্টার্টআপসহ বিভিন্ন সুযোগ কাজে লাগানো এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী এবং কোষাধ্যক্ষ শাহীনুল ইসলাম।

কর্মশালায় ৩০০ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিএইচ