ববি হাজ্জাজ
প্রাথমিক বিদ্যালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে
আপডেট: ২০২৬-০৮-২৬ ১৫:৫২:৪৫
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। গ্রাম থেকে নগর—কোনো শিশুই যেন স্কুলের বাইরে না থাকে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ হচ্ছে দেশের কোনো এলাকাতেই যেন কোনো শিশু স্কুলবিহীন না থাকে। গ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চল সব জায়গার শিশুকে শিক্ষার আওতায় আনতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে যেভাবে কাজ করা দরকার, সেভাবেই কাজ করবো।
তিনি বলেন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিতে বিদ্যালয়ে তাদের ধরে রাখা এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। যাতে দেশের কোনো শিশু সুযোগের অভাবে পিছিয়ে না থাকে এবং প্রান্তিক পর্যায়ের শিশুরাও মানসম্মত শিক্ষা গ্রহণ করে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি কার্যকরভাবে কাজ করছে না। কমিটি গঠনের সময় কিংবা বিদ্যালয়ে বরাদ্দ এলে তাদের সক্রিয়তা দেখা গেলেও অন্য সময় খুঁজে পাওয়া যায় না। তাই এলাকাবাসীকে সম্পৃক্ত করে স্কুলের বন্ধু হিসেবে একটি অনানুষ্ঠানিক রেজিস্টার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














