নেত্রকোণায় পিতার হাতে শিশুপুত্র খুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০১-১৬ ১৭:৪৬:২১


নেত্রকোণা সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে পিতার হাতে নৃশংসভাবে খুন হয়েছে ৭ বছরের এক পুত্র আরাফাত। শনিবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পাষণ্ড ওই পিতার নাম এরশাদ মিয়া।

নেত্রকোণা মডেল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার রৌহা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের এরশাদ মিয়ার সাথে সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের মতি মিয়ার কন্যা আফরোজার সাথে ৮ বছর পূর্বে বিবাহ হয়। এরমধ্যে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু পারিবারিকভাবে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিলো না।

এই কারণে আফরাজো নিজেই তার স্বামী এরশাদ মিয়াকে তালাক দিয়ে পিতার বাড়িতে পুত্র নিয়ে বসবাস করতে থাকেন। কিন্তু আজ সকালে হঠাৎ করে এরশাদ মিয়া শ্বশুর বাড়ি হাজির হয়ে আফরোজার কাছ থেকে পুত্র আরাফাতকে নিয়ে ঘরে যায় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হওয়ায় আফরোজা চিৎকার শুরু করেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘর থেকে মৃত আরাফাতের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, এরশাদ নিজে পুত্রকে হত্যা করে লাশের পাশেই বসে থাকে। এ অবস্থাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আরাফাতের লাশ ময়নাতদন্তের জন্য ন ত্রকোনার মর্গে পাঠানো হয়েছে।