মিয়ানমারে মোবাইল ফোনসহ সরকারি গণমাধ্যমের সম্প্রচার বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০২-০১ ১১:৫১:০৭
মিয়ানমারে সেনাবাহিনী অং সান সু চি এবং দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করেছে। সরকারি দলের মুখপাত্র ড. মিও নিয়ুন্ট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই দুই নেতা ছাড়াও বেসামরিক সরকারের আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে তাদেরকে আটকের পর প্রশাসনিক রাজধানী নাইপিদোতে মোবাইল ফোন ও রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর প্রচার বন্ধ করে দেয়া হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে মিয়ানমার রেডিও এবং টেলিভিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কারণে আমরা আপনাদের জানাতে চাই যে, এমআরটিভি এবং মিয়ানমার রেডিওর সম্প্রচার চালানো সম্ভব হচ্ছে না।’
দেশটির সংবিধান অনুযায়ী, কেবলমাত্র প্রেসিডেন্টই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। বর্তমানে শুধুমাত্র সেনাবাহিনী পরিচালিত মায়াবতি চ্যানেলের সম্প্রচার চালু আছে। আর নির্দিষ্ট এলাকা বাদে বন্ধ রয়েছে মোবাইল ফোন পরিষেবাও।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














