ভূমিকম্পে সারা দেশে ৩ জনের মৃত্যু

আপডেট: ২০১৬-০১-০৪ ১১:৩২:৪৪


Vumikompoভূমিকম্পে সারা দেশে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  রাজধানীর পূর্ব জুরাইনে, রাজশাহী ও লালমনিরহাটে এ তিনজনের মৃত্যু হয়। তারা তিনজনেই আতঙ্কিত হয়ে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

সোমবার ভোর ৫টা ৫ মিনিটে হয়ে যাওয়া ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে রাজধানীর জুরাইনে আতিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আতিকুর রহমান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের শেষবর্ষের শিক্ষার্থী। তিনি কুষ্টিয়ার মিরপুরের মঈনুদ্দিনের ছেলে। থাকতেন রাজধানীর জুরাইনের একটি মেস বাসায়।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত হয়ে আতিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, ওই যুবকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

ঢামেক সূত্র জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়ে কমপক্ষে ৪০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে ১৮ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।

এদিকে জহুরুল হক হলের চতুর্থ তলা থেকে লাফিয়ে গুরুতর আহত ইকবাল নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মূলত তড়িঘড়ি করে নিচে নামতে গিয়েই তারা আহত হন। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে অনেকে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে রাজধানীর কোথাও কোনো ভবনের বড় ধরনের ক্ষয়ক্ষতি বা ফাঁটল দেখা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক (জলবায়ু) আব্দুর রহমান বলেন, ‘ভারতের মণিপুরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। আর রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭।’

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্র ছিল ৬ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমারের সীমান্ত জেলা মণিপুরের ইম্ফলে। ঢাকা থেকে এর দূরত্ব ছিল ৩৫১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

প্রাথমিক খবরে ভূমিকম্পের সময় ইম্ফলে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ৫০ জনের বেশি মানুষ। ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। এছাড়া ইম্ফলের একটি জনপ্রিয় মার্কেটসহ বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ভূমিকম্পের পর সেখানকার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

হঠাৎ করেই কেঁপে উঠলো বিছানা-ঘরবাড়ি। তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেড়িয়ে এলো ঘুমভাঙা মানুষ। আর সেই আতঙ্কেই রাজধানীর জুরাইনে হার্ট অ্যাটাকে একজনের মৃত্যু হয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস