আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০২-২২ ১৩:৫৬:১৬
আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্থপতির মুখের জয় বাংলা স্লোগানও এখন আমার মুখের স্লোগান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ কথা বলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটমুখী রাজ্যটিতে বিরোধী বিজেপির আক্রমণে পাল্টা আক্রমণ করতে গিয়ে মমতা এদিন বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগানের আশ্রয় নেন।
জয় বাংলা স্লোগান নিয়ে কলকাতায় বির্তক রয়েছে- ভারতের অভ্যন্তরে বাংলাদেশের জয় বাংলা স্লোগান কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের স্লোগান হয় এমন প্রশ্ন বহু দিন ধরেই উড়ছে রাজনৈতিক মহলে।
কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, শুধু জয় বাংলা স্লোগানই নয় জয় বাংলার স্লোগানের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তার আদর্শ।
রোববার বিকেলে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআইয়ের নোটিশ ঝোলানো হয়; কয়লা পাচারের সঙ্গে ভাইপোর স্ত্রীর নারুলা বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে- এমন অভিযোগ দীর্ঘদিনের। সিবিআইয়ের নোটিশ ঝোলানোর পরই হুঙ্কার দিয়ে উঠেন মমতা– বলেন, আমাকে ভয় দেখিয়ে চমকিয়ে জেলে পাঠিয়েও লাভ নেই। আমি বঙ্গবন্ধুর মতো সেখান থেকেই ডাক দেব, বলব জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
মহান শহীদ দিবস উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের একঝাঁক কবি-সাহিত্যিক বইপ্রেমী মানুষ। ওই অনুষ্ঠান থেকেই কলকাতার একুশে বই উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














