ঢাকায় সমাবেশের অনুমতি পেল বিএনপি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৩-০৯ ১৯:৩৭:৩০
২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি। দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এ সমাবেশ করবে দলটি।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের এই অনুমতি দেওয়া হয়।
এর আগে গত ৭ মার্চ সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। আবেদনে মোহাম্মদপুর থানাধীন শহীদ পার্ক মাঠে আগামী ১০ মার্চ দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ করার কথা জানায় দলটি।
সেই আবেদনের প্রেক্ষিতে ডিএমপি ২৩টি শর্ত দিয়ে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সভাপতিত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সব সিটি করপোরেশনের দলীয় মেয়র প্রার্থীরা উপস্থিত থাকবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজধানীতে তেমন বড় কোনো কর্মসূচি ছিল না বিএনপির। এছাড়া করোনাকালে তারা বিক্ষোভ সমাবেশসহ শুধু সাংগঠনিক তৎপরতার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই সমাবেশের মাধ্যেমে রাজধানীতে বড় শোডাউন করতে চায় মহানগর বিএনপি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














