বিশ্ব ইজতেমায় ছাত্রলীগের চাঁদাবাজি, আটক ১

প্রকাশ: ২০১৬-০১-১০ ১৫:৫৬:৫৫


Leageবিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাস্তায় চাঁদাবাজি শুরু করে। এতে পুলিশ বাধা দিলে তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছাত্রলীগ নেতারা। এ অভিযোগে  সৈকত (২৫) নামে এক ছাত্রলীগ সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় মধুমিতা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ব ইজতেমার পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানান, আখেরি মোনাজাতের পর ছাত্রলীগ কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় মধুমিতা রোড এলাকায় ফুটপাতের প্রতি দোকান থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় করছিল। এ সময় ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়।

এনিয়ে পুলিশের সঙ্গে চাঁদাবাজদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগের ৭-৮ জন নেতাকর্মী পুলিশের তিন সদস্যকে ধরে জোরপূর্বক একটি গলির ভেতর নিয়ে যায় এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে এ খবর পৌঁছালে তারা ঘটনাস্থলে পৌঁছে আটক পুলিশ সদস্যদের উদ্ধার করে।

এ সময় পুলিশ টঙ্গী থানা ছাত্রলীগের সদস্য সৈকতকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। পরে তাকে প্রথমে ইজতেমা ময়দানের পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে টঙ্গী মডেল থানায় হস্তান্তর করা হয়।

জিজ্ঞাসাবাদে সৈকত নিজেকে টঙ্গী থানা ছাত্রলীগের সদস্য বলে দাবি করে এবং পুলিশের কাছে ঘটনার সঙ্গে তার সহযোগী টঙ্গী থানা ছাত্রলীগের সহ-সম্পাদক নাঈম, থানা ছাত্রলীগের সদস্য শাকিল, রনি, মানিক, শহিদুলের নাম প্রকাশ করে। পালিয়ে যাওয়া অন্যদের তিনি চিনেন না বলে পুলিশকে জানান।

সানবিডি/ঢাকা/বাংলামেইল/এসএস