৫ মাসে ২ লাখ নতুন কর্মীর বিদেশে কর্মসংস্থান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-১৭ ০৮:৫৮:২৭


মহামারির বিপর্যস্থ অবস্থায় গত বছর বিদেশে নতুন কর্মী পাঠানো একরকম বন্ধই ছিলে।তবে বছরের শেষ সময়ে পরিস্থিতির উন্নতি হলে ফের শুরু হয় কর্মী প্রেরণ। যার পরিপ্রেক্ষিতে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) চাকরি নিয়ে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন ১ লাখ ৯৫ হাজার ২৪০ বাংলাদেশী। তবে এসব কর্মীর ৭৪ শতাংশই গিয়েছেন সৌদি আরবে।

এ ব্যাপারে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে চাকরি নিয়ে সৌদি আরবে গিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৯৪ জন বাংলাদেশী কর্মী। যার মধ্যে নারী কর্মীর সংখ্যা ছিল ১৮ হাজার ৪৩৭। সৌদি আরবের পর সব চেয়ে বেশি কর্মী রফতানি হয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে। গত পাঁচ মাসে দেশটিতে গিয়েছেন ১৯ হাজার ৪২ জন বাংলাদেশী, যার মধ্যে নারী কর্মী ছিলেন ৩ হাজার ৬৬৭ জন।

এই সময়ে সিঙ্গাপুরে গিয়েছেন ১২ হাজার ১৩৯ জন কর্মী। আর জর্ডানে গিয়েছেন ৫ হাজার ৩৩২ জন বাংলাদেশী। জর্ডানে পাড়ি দেয়া কর্মীদের সিংহভাগ অর্থাৎ ৫ হাজার ২১৯ জন ছিলেন নারী কর্মী। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দুই শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার ৬৩৩ ও কাতারে ২ হাজার ১৮ জন বাংলাদেশী কর্মী গিয়েছেন গত পাঁচ মাসে।

তবে বিভিন্ন জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, চলতি বছর প্রথম কয়েক মাসে বিদেশে কর্মী পাঠানো সম্ভব হলেও বর্তমানে আবারো স্থবিরতা নেমে এসেছে। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রতিবেশী দেশ ভারতসহ একের পর এক দেশ বাংলাদেশীদের প্রবেশ নিষিদ্ধ করছে। এতে সংকুচিত হচ্ছে বহির্বিশ্বের শ্রমবাজার। বিভিন্ন দেশ কর্মী নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশীদের জন্য নতুন নতুন শর্ত আরোপ করছে, যা জনশক্তি রফতানি খাতকে আবারো ঝুঁকিতে ফেলছে।

সানবিডি/এনজে