লাইসেন্সের জন্য ডিসেম্বর পর্যন্ত সময় চায় নগদ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-২৪ ২১:০৬:৩২
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ এর লাইসেন্স অন্তর্বর্তীকালীন অনুমোদনের জন্য আগামী ডিসেম্বর (২০২১) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ডাক বিভাগ।
এর আগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের চূড়ান্ত অনুমোদনের জন্য সাড়ে তিন মাসের অন্তর্বর্তীকালীন অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা চলতি মাসের ৩০ জুন শেষ হচ্ছে। কিন্তু করোনায় অফিস কার্যক্রম বন্ধ থাকায় এবং কিছু আইন ও নিয়মনীতি সংশোধনের জন্য অতিরিক্ত সময় চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি বৈঠক করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে সময় বৃদ্ধির জন্য আবেদন করার সিদ্ধান্ত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, করোনায় লকডাউনের কারণে সাধারণ ছুটি থাকা এবং সে কারণে বৈঠক করতে না পারায় সাবসিডিয়ারি কোম্পানি গঠনের কার্যক্রম শেষ করতে বাড়তি সময় লেগেছে। যার ফলে ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত কিছু বিষয় সম্পন্ন করতে পারেনি। বিষয়গুলো সম্পন্ন করতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অনুমোদনেরও প্রয়োজন রয়েছে। লকডাউন থাকায় মন্ত্রণালয়গুলোতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেনি ডাক বিভাগ, যার ফলে নির্দিষ্ট সময়ে সব কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।
এরই মধ্যে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের জন্য মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এওএ), আর্টিকেল অব অ্যাসোসিয়েশন (এওএ) এবং ভেন্ডর অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরি হলেও সেটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে সূত্র। সূত্রটি বলেছে, বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর সরকারের বিভিন্ন পর্যায় থেকে অনুমোদন হয়ে তারপর বাংলাদেশ ব্যাংকের কাছে যাবে। এরপর চূড়ান্ত অনুমোদন (লাইসেন্স) দেয়ার প্রক্রিয়া শুরু হবে।
ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে নগদকে পরিচালনার জন্য সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘমেয়াদি বিষয় জড়িত। আর সে কারণে নগদের সেবা পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করতে সম্প্রতি আবেদন করা হয়েছে।
ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত আবেদন বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক (ইডি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘নগদকে একটা সময় দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যেটার মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে। আবারও নগদ আবেদন করেছে যেটা পর্যালোচনা করা হবে। তারা যেসব কারণ দেখিয়েছে তা বাংলাদেশ ব্যাংক যৌক্তিক কি-না পর্যালোচনা করবে।’
এর আগে বাংলাদেশ ব্যাংক নগদ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন যে অনুমোদন দেয় তার মেয়াদ চলতি মাসের ৩০ তারিখ শেষ হবে। সেক্ষেত্রে নগদের পরিচালন সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিক রাখা এবং প্রায় পাঁচ কোটি গ্রাহকের সেবা অব্যাহত রাখার জন্যই বৈঠক থেকে সকল সদস্যের মতামতের ভিত্তিতে বর্ধিত সময়ের জন্য আবেদন করার সিদ্ধান্ত হয়।
২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন। বাংলাদেশের আর্থিক খাতে ইলেক্ট্রনিক কেওয়াইসির প্রচলন করা এবং মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে মুহূর্তেই অ্যাকাউন্ট খোলার পদ্ধতি উদ্ভাবন করে ডিজিটাল দুনিয়ায় সাড়া ফেলে দেয় ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসটি। তার ফলে দুই বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় গ্রাহক সেরা এমএফএস-এর অবস্থানে চলে আসে তারা।
বর্তমানে এমএফএস অপারেটরটি দৈনিক ৬৫০ কোটি টাকার বেশি লেনদেন করছে। তাছাড়া করোনা মহামারির মতো পরিস্থিতিতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা এবং অন্যান্য সরকারি সহায়তা বিতরণ করছে নগদ।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














