রূপালী ব্যাংকে ব্যাবের আহ্বায়ক মামুন, সদস্য সচিব জয়নাল
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-০৩ ১৪:৫৬:৫০
ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ব্যাব)-এর গঠনতন্ত্র অনুযায়ী রূপালী ব্যাংক পিএলসির আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মামুন এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জয়নাল আবেদীন।
ব্যাবের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত এই কমিটির লক্ষ্য রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্য, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা। পাশাপাশি সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকারদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নবনিযুক্ত আহ্বায়ক মোঃ মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সদস্য সচিব জয়নাল আবেদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তাঁরা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।
বর্তমানে ব্যাংকিং পেশায় যুক্ত এই দুই সাবেক ছাত্রনেতা তাঁদের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ব্যাব কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল্লাহ। অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে নবনিযুক্ত আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে রূপালী ব্যাংক পিএলসির পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য জমা দিতে হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব ও অভিজ্ঞ উপদেষ্টাদের সমন্বয়ে রূপালী ব্যাংক পিএলসিতে ব্যাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যাংকারদের কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














