প্রথমবারের মত ভারতের তৈরি বিমানবাহী রণতরী প্রস্তুত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২৫ ১৮:১২:৫৪
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে ভারত নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরী জলে ভাসানোর ঘোষণা দিয়েছে। সে দেশের সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইএনএস বিক্রান্ত নামের জাহাজটি আগামী বছরেই কার্যক্রম শুরু করবে।
আইএনএস বিক্রান্ত ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার ১ বা আইএসি-১ নামেও পরিচিত। কেরালার কোচিন শিপইয়ার্ড লিমিটেড এই রণতরী নির্মাণ করছে।
ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে আগামী বছর। সেই উপলক্ষে দেশটির নৌবাহিনীতে একটি বড় সাফল্য হিসেবে আইএনএস বিক্রান্ত যুক্ত হতে যাচ্ছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিতে রণতরীটির নির্মাণকাজ পরিদর্শন করে এই তথ্য জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারতের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’খ্যাত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত আগামী বছরই জলে ভাসানো হবে।
রাজনাথ আরও বলেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আইএনএস বিক্রান্তের কার্যক্রম শুরু করা হবে। এটা ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটি বিষয়। একই সঙ্গে এটি আত্মনির্ভর ভারত গড়ার অনন্য একটি উদাহরণ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














