মিয়ানমারে ২ হাজার ৩০০ বিক্ষোভকারী মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৭-০১ ১৯:০০:৫৪


মিয়ানমারে দু’হাজার তিন শ’ বিক্ষোভকারীকে ছেড়ে দেয়া হয়েছে। সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য তাদের গ্রেফতার করা হয়েছিল।

বুধবার থেকেই মিয়ানমারে আটক বিক্ষোভকারীদের ছাড়া হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুই হাজার তিন শ’ বিক্ষোভকারীকে ছাড়া হচ্ছে। তার মধ্যে আটক সাংবাদিকরাও আছেন। সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে লেখার জন্য ওই সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছিল।

ইয়াঙ্গনে জেল থেকে বাসে করে আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেয়া হয়।

উপ-তথ্যমন্ত্রী মেজর জেনারেল জ মিন তুন চীনা সংবাদসংস্থা জিনহুয়াকে বলেছেন, যে সব বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছিল, কিন্তু কোনো সহিংসতা করেনি, তাদের ছেড়ে দেয়া হচ্ছে। কিন্তু যারা সহিংসতা করেছিল, তাদের ছাড়া হচ্ছে না।

সূত্র : ডয়েচে ভেলে