কাশেম ড্রাইসেলসের দর বৃদ্ধি নিয়ে তদন্ত কমিটি

প্রকাশ: ২০১৬-০১-১৯ ১০:০৫:৪৪


Quasem-Drycellsপুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেলস লিমিটেডের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার কমিশনের ৫৬৪তম সভায় দুই সদস্যের এ কমিটি গঠন করা হয়।

গত ১২ কার্যদিবসের মধ্যে (২৯ ডিসেম্বরের আগে) মাত্র ৪ দিন শেয়ারটির দর কমেছে। বাকি ৮ দিন বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ৯০ টাকা ৮ পয়সা থেকে বেড়ে ১১৭ টাকা ৯ পর্যন্ত হয়।

সূত্রে জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক মো. মাহমুদুল হকের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটির আরেক সদস্য হিসেবে রয়েছেন সহকারি পরিচালক ইকবাল হাসান।

কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, আমরা কাশেম ড্রাইসেলসের অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি আমলে নিয়েছি। কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গত ২৮ ডিসেম্বর কাশেম ড্রাইসেলস লিমিটেডের কাছে নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।এর আগে কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে কোম্পানির কর্তৃপক্ষ ডিএসইকে জানায়, এই অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বিশ্লেষণে দেখা যায়, গত ১২ কার্যদিবসের মধ্যে (২৯ ডিসেম্বরের আগে) মাত্র ৪ দিন শেয়ারটির দর কমেছে। বাকি ৮ দিন বেড়েছে। এ সময়ে শেয়ারটির দর ৯০ টাকা ৮ পয়সা থেকে বেড়ে ১১৭ টাকা ৯ পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২৭ টাকা ১ পয়সা বা ২৯ দশমিক ৮৫ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

গত ৫ জানুয়ারি কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৩১ টাকা ৭০ পয়সায়। তবে আজ সোমবার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১১৯ টাকা ২০ পয়সায়।
গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৪১ টাকা ২ পয়সা থেকে ১১৮ টাকা ৭ পয়সা পর্যন্ত।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।