ইভ্যালির চেয়ারম্যান-এমডি’র দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৭-১৭ ১২:৫০:৩১
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন এবং ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।গত বৃহস্পতিবার (১৫ জুলাই) মহানগর সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েশ এর আদালত এ আদেশ দেন।
শনিবার (১৭ জুলাই) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।
এর আগে, আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উচ্চ আদালতের দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, দুদক যখন জানলো তারা বিদেশ চলে যেতে পারেন তখন দুদক ব্যবস্থা নেয়। তখন এখতিয়ার সম্পন্ন কোর্ট খোলা ছিল না। বৃহস্পতিবার এখতিয়ার সম্পন্ন কোর্ট থেকে নিষেধাজ্ঞার আদেশ এসেছে।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করে দুদক। এর প্রেক্ষিতে গত ৮ জুলাই ইভ্যালির এমডি মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সংস্থাটি।
এর আগে গ্রাহক ও মার্চেন্টের ৩৩৯ কোটি টাকার হদিস না থাকার বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির দুই কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, গ্রাহক ও মার্চেন্টের টাকাগুলো আত্মসাৎ অথবা পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি করা হয়।
সানবিডি/আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














