ইরানের নতুন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৫:৫৯:১০
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রইসি দেশটির নতুন ভাইস প্রেসিডেন্টের পদে সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোখবার দেজফুলিকে নিয়োগ দিয়েছেন। রোববার এক অধ্যাদেশ জারির মাধ্যমে এই নিয়োগ দেন তিনি।
মোহাম্মদ মোখবার দেজফুলি এর আগে ইরানের রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান সেতাদের প্রধান হিসেবে ১৪ বছর কর্মরত ছিলেন। ইরানের রাষ্ট্রীয় দাতব্য প্রকল্পগুলো সেতাদের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
ইরানের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও প্রতিদিনের সরকারি কার্যক্রম ভাইস প্রেসিডেন্টের তত্ত্বাবধানেই পরিচালিত হয়। ১৯৮৯ সালে পদটি সৃষ্টির পর সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে মোখবার দেজফুলি দায়িত্ব নিতে যাচ্ছেন।
অপরদিকে রোববার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ পদে ইরানের বিচার বিভাগের সাবেক মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলিকে নিয়োগ দিয়েছেন ইবরাহিম রইসি।
তবে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম এখনো ঘোষণা করেননি তিনি।
এর আগে গত ৩ আগস্ট ইরানের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কাছ থেকে অনুমোদন পাওয়ার পর ৫ আগস্ট প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সাইয়েদ ইবরাহিম রইসি।
গত ১৮ জুন ইরানে অনুষ্ঠিত ত্রয়োদশতম প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ ভাগের বেশি ভোট পেয়ে অষ্টম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইবরাহিম রইসি।
সূত্র : প্রেস টিভি
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














