আফগানিস্তান থেকে সেনা সরিয়ে ভুল করিনি : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১১ ১৬:২৬:১৩


আফগানিস্তান নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট। বললেন, আফগানদেরই নিজেদের লড়াই করতে হবে। আমেরিকা বাইরে থেকে সাহায্য করবে।

বিশ্বের অনেক দেশই সরাসরি অথবা ঘুরিয়ে আফগানিস্তান পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। যে ভাবে আমেরিকা সেখান থেকে সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে আলোচনা অনেক। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, তার সিদ্ধান্তে কোনো ভুল নেই। আমেরিকা ঠিক সময়েই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন জানিয়েছেন, আফগানদের লড়াই তাদেরই লড়তে হবে। আমেরিকা শর্ত মেনে তাদের সাহায্য করবে।

আফগানিস্তানকে আমেরিকা জানিয়েছিল, যুদ্ধাস্ত্র, পোশাক, খাবার, সেনার বেতন এবং বিমান হামলায় সাহায্য করবে। সেনা সরিয়ে নেয়ার পরও আমেরিকা আফগানিস্তানকে সেই সাহায্য করছে। কিন্তু এর চেয়ে বেশি সাহায্য তাদের পক্ষে করা সম্ভব নয় বলে স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে মঙ্গলবারও তিনটি আঞ্চলিক রাজধানী দখল করেছে তালেবান। এই নিয়ে গত এক সপ্তাহে তালেবান আফগানিস্তানের ৯টি প্রাদেশিক রাজধানী দখল করল। মঙ্গলবার তাদের হাতে আসা তিন নগরীর দুটি হচ্ছে ফারাহ শহর এবং পুল-ই-খুমরি। পুল-ই-খুমরি বাগলানের রাজধানী। সেখান থেকে কাবুলের দূরত্ব ২০০ কিলোমিটার। ফারাহ অবশ্য পশ্চিম আফগানিস্তানে। বিশেষজ্ঞদের বক্তব্য, তালেবানরা ক্রমশ কাবুলের দিকে এগোচ্ছে। কাবুলের আশপাশের সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলো আগে তারা হাতে নিয়ে নিতে চাইছে।

সংবাদসংস্থা এএফপি-কে পুল-ই-খুমরি শহরের এক নারী জানিয়েছেন, রাস্তায় লাশ ছড়িয়ে আছে। জেলগুলির বাইরে মৃতদেহের স্তূপ। ভয়ে কেউ বাড়ি থেকে বেরচ্ছেন না। বিপুলসংখ্যক শিশুও আক্রান্ত হচ্ছে। জাতিসঙ্ঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সম্প্রতি একটি রিপোর্টে জানিয়েছে, আফগানিস্তানে বহু শিশু আক্রান্ত। কিন্তু সকলের কাছে পৌঁছানো যাচ্ছে না। গত এক সপ্তাহে সব মিলিয়ে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও তারা জানিয়েছে।

সূত্র : ডয়চে ভেলে