মহামারিতে ফেরত আসা ৪৮% প্রবাসী কর্মী চাকরি হারিয়েছেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১২ ১৪:১৫:৩৬


চীনে থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনার করোনার প্রভাবে গত বছরের ফেব্রুয়ারির পর  ফিরে আসা কর্মীদের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ চাকরি হারিয়েছেন। যারা চাকরিতে ছিলেন, তাদের ৩৮ দশমিক ৭ শতাংশ কর্মীর বেতন কমেছে আগের চেয়ে। আর দেশে ফিরে আসার আগে নিয়মিত বেতন পাননি ৬৭ দশমিক ৭ শতাংশ প্রবাসী কর্মী। তবে ফেরার আগে ৯২ শতাংশ কর্মী কোথাও কোনো অভিযোগ জানিয়ে আসেননি।

এ ব্যাপারে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ থেকে ফিরে আসা প্রবাসী সাক্ষাত্কারের মাধ্যমে ‘অ্যাড্রেসিং সিস্টেম্যাটিক চ্যালেঞ্জেস অব ওয়েজ থেফট: বাংলাদেশী কভিড-১৯ রিটার্নিজ ফ্রম দ্য গালফ’ শীর্ষক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বাংলাদেশ সিভিল সোসাইটি অব মাইগ্রেশন (বিসিএসএম) ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) ফিরে আসা ১ হাজার ১৬০ জন প্রবাসী কর্মীর সাক্ষাত্কারের মাধ্যমে যৌথভাবে গবেষণাটি পরিচালনা করে। গবেষণা জরিপে অংশ নেয়া প্রত্যেক কর্মীর ফিরে আসার নথি যাচাই করা হয়েছে।

এই গবেষণা প্রতিবেদনে বলা হয়, করোনার প্রভাবে গত বছরের ফেব্রুয়ারির পর ফিরে আসা কর্মীদের মধ্যে যারা চাকরিতে ছিলেন, তাদের ৩৮ দশমিক ৭ শতাংশ কর্মীর বেতন কমেছে আগের চেয়ে। ৬৩ শতাংশ কর্মী দেশে ফিরতে বাধ্য হয়েছেন। আবার ২৯ শতাংশ কর্মী দেশে ছুটিতে এসে আর ফিরে যেতে পারেননি। যারা বাধ্য হয়ে ফিরে এসেছেন, তার ১৫ দশমিক ৬ শতাংশই কাজ হারিয়ে এসেছেন, ৩৫ দশমিক ৭ শতাংশ এসেছেন কাজ না থাকায়। তবে গবেষণার পর তাদের কেউ কেউ হয়তো কর্মস্থলে ফিরে গেছেন, যা এখানে আসেনি। বেতন হারানো কর্মীদের তালিকার শীর্ষে গন্তব্য দেশ সংযুক্ত আরব আমিরাত। এরপর আছে কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান ও বাহরাইন।

সানবিডি/এনজে