আগামীকাল রাজধানীর সব থানায় বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৮-১৭ ১৬:৫৬:০৯
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ারশেল-লাঠিচার্জ-গুলি করে আহত ও গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল বুধবার রাজধানীর সব থানায় বিক্ষোভ করবে মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
তিনি বলেন, আজকে আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ কবর জিয়ারতের কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। এর প্রতিবাদে আমরা বুধবার রাজধানীর সব থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবো।
নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আহ্বায়ক কমিটির নেতাদের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে সকালে মহানগরের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিস্থলে জড়ো হতে শুরু করেন। মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে মিছিলসহ সমাধিস্থলে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। এরপরই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। সংঘর্ষে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে পরিকল্পনা কমিশনের সচিবের গাড়িসহ অনেক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। এর জবাবে আব্দুস সালাম বলেন, এই গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনা সরকারের লোকেরা ঘটিয়েছে।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














