আফগান ইস্যু: ইমরান খানকে জনসন-মেরকেলের ফোন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৮ ১৫:২৯:০৪
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। মঙ্গলবার (১৭ আগস্ট) ইমরানকে ফোন করেন তারা। বুধবার (১৮ আগস্ট) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
দ্য ডন জানিয়েছে, ফোনালাপে পাকিস্তানসহ পুরো এই অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন ইমরান খান। এছাড়া সার্বিক নিরাপত্তা ও মানবাধিকারসহ আফগান নাগরিকদের জন্য সকল ধরনের অধিকার নিশ্চিত করার ওপরও জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ইমরান বলেন, বিদ্যমান সংকটকে পাশ কাটিয়ে আফগানিস্তানকে এগিয়ে নিতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। তিনি জানান, পাকিস্তান সকল আফগান নেতার সঙ্গে যোগাযোগ রাখছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও যুক্ত থাকতে হবে। বিশেষ করে আফগান জনগণকে অর্থনৈতিকভাবে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














