সবুজায়নে বেজার সাথে এইচএসবিসি ব্যাংকের চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-১৯ ১৮:০৯:৪৫


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এইচএসবিসি ব্যাংক। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু শিল্পনগরে বৃক্ষরোপনের জন্য এইসএসবিসি ব্যাংক লিমিটেড বেজার সাথে এই সমঝোতা স্মারক সই করেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানীতে অবস্থিত বেজা সদর দপ্তরে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান জনাব শেখ ইউসুফ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইসএসবিসি ব্যাংকের সিইও জনাব মো: মাহবুবুর রহমান ।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ১৫ বছরের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি, আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিবছর অতিরিক্ত ৪০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় প্রত্যাশা নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন করা হচ্ছে।

চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাই উপজেলা এবং ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় ৩০ হাজার একর জমির ওপর প্রতিষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। ইতোমধ্যে এ শিল্পনগরে প্রায় ২০.১৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এখানে নিশ্চিত হয়েছে। বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে জাপানের নিপ্পন, ভারতের এশিয়ান পেইন্টস, যুক্তরাজ্যের বার্জার পেইন্টস, সিঙ্গাপুরের উইলমারসহ আরো অনেকে এবং দেশী স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পিএইচপি, বসুন্ধরা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, টি কে গ্রুপ ছাড়াও আরো নানা বিনিয়োগকারী। এ শিল্পনগরে ইতোমধ্যে নির্মিত হয়েছে শেখ হাসিনা সরণি, দেশের সর্বপ্রথম সুপারডাইক, প্রতিষ্ঠিত হয়েছে গ্যাস সংযোগ, বিদ্যুৎ সরবরাহের কাজ। এ শিল্পনগরে বর্তমান ১৩টি শিল্প নির্মাণের কাজ চলমান রয়েছে আরও ১০টি প্রতিষ্ঠান শিল্প নির্মাণের অংশ হিসেবে প্রাথমিক কাজ শুরু করেছে। ডিসেম্বর ২০২১ মাস নাগাদ কমপক্ষে দুটি শিল্প কারখানা উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। এ শিল্পনগরের মাধ্যমে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সভাপতির বক্তব্যে জনাব শেখ ইউসুফ হারুন বলেন, স্বনামধন্য এই ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পেরে বেজা অত্যন্ত আনন্দিত। তিনি জানান, করোনাকালেও বাংলাদেশ বিদেশী বিনিয়োগ আকর্ষণে সমর্থ হয়েছে। শুধুমাত্র গত বছরেই বেজা ৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। আর আধুনিক প্রযুক্তির ব্যাংকিং সেবা ব্যতীত বিনিয়োগ আকর্ষণ করা কঠিন। আর সেকারণে বেজা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে অর্থনৈতিক অঞ্চল সমূহে বিনিয়োগ করতে উৎসাহিত করছে।

তিনি আশা প্রকাশ করেন এইচএসবিসি ব্যাংক লিমিটেড দ্রুত তাদের সেবা সমূহ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেবে যাতে, বিদেশী এবং দেশী বিনিয়োগকারীগণ সহজে এবং স্বল্পতম সময়ে আর্থিক বিভিন্ন আদানপ্রদান করতে সক্ষম হন। তিনি আরও বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা নিশ্চিত করা হচ্ছে। ব্যাংকিং সেবা এবং ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনের ফলে সেবা প্রদানের একটি শক্তিশালী ভিত তৈরী হবে যার যুগল সাফল্য সন্দেহাতীতভাবে বাংলাদেশকে উচ্চ স্তরে আসীন করবে। তিনি বলেন অর্থনৈতিক অঞ্চলসমূহ সবুজায়নে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতায় ২০ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি যার মধ্যে প্রায় ৪ লক্ষ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।

বেজা সর্বদা পরিবেশবান্ধব শিল্পায়নে সচেষ্ট উল্লেখ করে শেখ ইউসুফ হারুন বলেন, বঙ্গবন্ধু শিল্প নগরে এইসএসবিসি ব্যাংক লিমিটেডের এই বৃক্ষরোপন কর্মসূচি অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনন্য উদাহরণ সৃষ্টি করলো। তিনি বলেন, শুধুমাত্র মুনাফা অর্জন নয়, পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষায়ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে বেজার অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। বঙ্গবন্ধু শিল্পনগরসহ অন্যান্য অর্থনৈতিক অঞ্চলে পরিবেশ দূষণ রোধে ইটিপি, সিইটিপি স্থাপন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এইচএসবিসি ব্যাংকের সিইও জনাব মো: মাহাবুবুর রহমান বলেন, সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে। আর এক্ষেত্রে গাছ লাগানোই অন্যতম ফলপ্রসূ উপায়। তিনি জানান, এইসএসবিসি ব্যাংক শুধুমাত্র ব্যবসায়িক লক্ষ্য নয়, বরং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের মতো কর্মসূচি নিতে পেরে গর্বিত। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি দেশের বিপুল জনগোষ্ঠী বিশেষ করে বর্তমান প্রজন্ম প্রতিবেশ ব্যবস্থা ও জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন এইসএসবিসি ব্যাংক সীমিত আকারে বঙ্গবন্ধু শিল্পনগরে দক্ষজনবল সৃষ্টিতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

বেজার পক্ষে মহাব্যবস্থাপক মোহাম্মদ হাসান আরিফ এবং এইচএসবিসি ব্যাংক লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় বেজার নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ ইরফান শরীফ, আবদুল আজিম চৌধুরী, মো: আলী আহসানসহ ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং এইসএসবিসি ব্যাংকের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এএ