আফগানিস্তানে বন্ধ ব্যাংক, অর্থ সন্ধানে তালেবান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৮-২২ ১৪:৩৯:২৭


তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দেশটির ব্যাংক ব্যবস্থা বন্ধ রয়েছে। চলমান মহামারি করোনা ও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সাম্প্রতিক সহিংসতা এবং দুর্যোগ খরার কারণে খাদ্য সংকট চরমে পৌঁছেছে। এরই মধ্যে কাবুল পতনের পর সাত দিন ধরে ব্যাংক বন্ধ থাকায় মানবিক পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে বর্তমানে দেশটিতে অন্তত দেড় কোটি মানুষ অনাহারে ভুগছেন। চারদিকে খাদ্যের হাহাকার বাড়ছে।

আফগান বাহিনীকে পরাজিত করে কাবুল দখলের পর সরকার গঠনের তোড়জোড় চালানো তালেবান এখন অর্থের সন্ধান করছে। সশস্ত্র গোষ্ঠীটি দেশ পরিচালনার জন্য অর্থ সংগ্রহের জন্য তৎপরতা শুরু হয়েছে। খবর ব্লুমবার্গ, এএফপি ও দি হিন্দুর।

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর থেকে দেশটির সব ব্যাংকসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কোনো এটিএম বুথে টাকা নেই। চলছে না আর্থিক প্রতিষ্ঠান ও ওয়েস্টার্ন ইউনিয়ন অফিস। এতে অর্থ থাকা সত্ত্বেও অনেকেই ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা বলছেন, অর্থের খোঁজে বেরিয়ে পড়েছেন তারা। চারদিকে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রাজধানী ও শহরের দিকে ছুটছেন তারা।

জাতিসংঘের খাদ্য সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, তালেবানের সঙ্গে সমঝোতা করে মাত্র একটি প্রদেশে খাদ্য সহায়তা বিতরণ করতে সমর্থ হয়েছে তারা।

এক বিবৃতিতে ডব্লিউএফপি জানিয়েছে, দেশটির তিন কোটি ৯০ লাখ মানুষের মধ্যে এক কোটি ৪০ লাখ বর্তমানে খাদ্য সংকটে ভুগছেন।

সানবিডি/এনজে