আফগান পুনর্গঠনে তুরস্কের সহযোগিতা চায় তালেবান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২২ ২০:২৭:৩৩


কাবুল দখলে নেয়া তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তুর্কিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের পুনর্গঠন করব। এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।

ইসলামী গোষ্ঠী তালেবানের এই মুখপাত্র আরও বলেন, তুরস্ক আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ। বিশ্বের একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী দেশ তুরস্ক। মুসলিম বিশ্বেও তুরস্কের গ্রহণযোগ্যতা অনেক। আফগানিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ককে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা চলে না।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) তালেবানের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে বলেন, তিনি হয়তো অচিরেই তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সানবিডি/এনজে