অগ্ন্যুৎপাতে নতুন দ্বীপের জন্ম
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৩ ১৬:২৯:২২
৬৮৫২ টা ছোট বড় দ্বীপ দিয়ে তৈরি হয়েছে জাপান রাষ্ট্রটি। গত সপ্তাহে জাপান রাষ্ট্রের দ্বীপের সংখ্যা আরও একটা বৃদ্ধি পেয়েছে। সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরি ফুকুটকু-ওকানাবোর অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপটার জন্ম হয়েছে। এই নতুন দ্বীপটি টোকিও শহরের ১২০০ কিলোমিটার দক্ষিণে।
নতুন দ্বীপের সবচেয়ে কাছের দ্বীপটার নাম আইয়ো জিমা। আইয়ো জিমা খুবই বিখ্যাত দ্বীপ। আইয়ো জিমাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকান মেরিন একটা গৌরবজনক যুদ্ধ করেছিলো। আইয়ো জিমাও তৈরি হয়েছিলো সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকেই।
নতুন দ্বীপটি তৈরি হয় গত ১৩ আগষ্ট। কিন্তু দুদিন কেউ টেরই পায়নি যে নতুন একটা দ্বীপ পৃথিবীতে জন্ম নিয়েছে। ১৫ আগষ্ট জাপানিজ কোষ্টগার্ড দ্বীপটি দেখে চমকে যায়।
অগ্নুৎপাতের ফলে গ্যাস, বাষ্প আর ধোয়ার কুণ্ডলী আকাশে প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত ওঠে। আর পুমিস নামের ছিদ্রযুক্ত ভলকানিক পাথর প্রায় ষাট কিলোমিটার জুড়ে ভাসছিলো। পুমিসের ছিদ্রে অনেক বাতাস আটকে থাকায় এগুলো পানিতে ভাসতে পারে।
তবে নতুন এই দ্বীপটি এখনো পর্যন্ত খুবই ছোট! মাত্র এক বর্গ কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন, এটার আকার বাড়তে পারে কারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনো চলছে। তবে সমুদ্রের তলদেশের আগ্নেয়গিরির অগ্নুৎ্পাতের ফলে তৈরি হওয়া ছোট ছোট দ্বীপগুলোর অনেকগুলোই আবার তলিয়ে যায়। এই দ্বীপটি যদি না তলিয়ে যায় তবে সেটার একটা দারুণ গুরুত্ব আছে জাপানের কাছে। এই দ্বীপ টিকে গেলে জাপানের টেরিটোরিয়াল সমুদ্রের উপরে অতিরিক্ত কয়েকশো মিটার অধিকার বাড়বে।
আরএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














