প্রবাসীদের সংগঠন ‘আসল ঠিকানা’র যাত্রা শুরু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৮-২৬ ১৪:০৭:১৮
জার্মানির ভ্যাবারিয়া প্রদেশের রেগেন্সবুর্গ শহরের প্রবাসী বাংলাদেশিরা ‘আসল ঠিকানা’ নামে একটি নতুন সংগঠন গঠন করেছে। সংগঠনটির অভিষেক উপলক্ষে স্থানীয় একটি হলে আয়োজন করা হয়েছিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
শাওন মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানান জার্মানিতে জন্মগ্রহণ করা ছোট শিশুরা। পরে আছফি ভূঁইয়ার পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠন গঠনের কারণ উল্লেখ করে অনুষ্ঠানে বক্তব্য দেন শাহাদত হোসেন, হাশেম মোহাম্মদ, মহিউদ্দিন মজুমদার, শওকত খান, মাসুদুর রহমান, শহিদুল আলম মামুন ও সংগঠনের প্রধান সমন্বয়ক জুয়েল ভূঁইয়াসহ অনেকে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন শিশু শিক্ষা বিষয়ক গবেষক কামরুজ্জামান। তিনি মাতৃভাষা ‘বাংলা’ নতুন প্রজন্মেকে শিখানো ও বাসায় বাংলায় কথা বলার ওপর গুরুত্ব দেন। বিশেষ অতিথি জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন সবাইকে শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। ‘আসল ঠিকানার’ সভাপতি বুলবুল চৌধুরী তার বক্তব্যে সংগঠনের গঠনতন্ত্র সবাইকে পড়ে শুনান এবং যারা সদস্য হয়নি তাদের সদস্য হওয়ার আহ্বান জানান।
এছাড়াও নতুন প্রজন্মের ছেলে মেয়েরা অনুষ্ঠানে কবিতা আবৃত্তি এবং গান পরিবেশন করেন।
সানবিডি/ এন/ আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














