সাহিত্যের নোবেল পেলেন ঔপন্যাসিক আব্দুল রাজাক
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-১০-০৭ ১৭:২৩:১৮
সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজাক। বৃহস্পতিবার সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করেছে।
গত বছর সাহিত্যের নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কবি লুইস গ্লিক, যার দ্ব্যর্থহীন কাব্যভাষা নিরাভরণ ও সৌন্দর্যময় সুস্পষ্ট কাব্যিক ঢং স্বতন্ত্র অস্তিত্বকে সার্বজনীন করে তোলে বলে জানায় নোবেল কমিটি।
সাহিত্যে এখন পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন ১১৮ জন; তাদের মধ্যে নারী ১৬ জন। নোবেল কমিটির সদস্যদের যৌন কেলেঙ্কারির ঘটনার জেরে ২০১৮ সালে সাহিত্যের পুরস্কার স্থগিত করেছিল সুইডিশ একাডেমি।
পরে ২০১৯ সালে দু’বারের নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। ২০১৮ সালের জন্য পোলিশ লেখক ওলগা টোকারচুক ও এবং পরের বছরের জন্য অস্ট্রিয়ার পেটার হান্টকরকে সাহিত্যের নোবেল দেওয়া হয়।
করোনা মহামারির কারণে গত বছরের মতো চলতি বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে বুধবার রয়্যাল সুইডিস অ্যাকাডেমি ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্প্রচার করেছে নোবেল ফাউন্ডেশন।
বিজয়ীদের প্রাপ্ত পদক ও সনদ পৌঁছে যাবে তারা যেসব দেশের নাগরিক, সেসব দেশের কূটনীতিকদের কাছে। বিজয়ীরা দেশে তাদের কাছ থেকে পদক ও সনদ সংগ্রহ করবেন।
প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতি— এই ৬ বিষয়ে যারা বিশেষ অবদান রেখেছেন; তাদের পুরস্কার প্রদান করে সুইডেনভিত্তিক নোবেল ফাউন্ডেশন। আগামী ১১ অক্টোবর পর্যন্ত ২০২১ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
উনবিংশ শতাব্দীতে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল আবিষ্কার করেছিলেন ডিনামাইট নামের ব্যাপক বিধ্বংসী বিস্ফোরক; যা তাকে বিপুল পরিমাণ অর্থ-সম্পত্তির মালিক করে তোলে। মৃত্যুর আগে তিনি উইল করে যান— প্রতি বছর ৬টি বিষয়ে যারা বিশেষ আবদান রাখবেন; তাদের যেন এই অর্থ থেকে পুরস্কার প্রদান করা হয়। ১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছরে সোমবার থেকে শুরু হওয়া এই পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষ হবে আগামী ১১ অক্টোবর।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














