ডিজিটাল প্রোফাইলের আওতায় আসছেন কৃষকরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-০৬ ১৫:৫৪:০৩
ডিজিটাল প্রোফাইলের আওতায় নিয়ে আসা হচ্ছে কৃষকদের।প্রথম পর্যায়ে দেশের পাঁচ কোটি কৃষকের মধ্যে এক কোটি ৬২ লাখ কৃষক ডিজিটাল প্রোফাইলে যুক্ত হচ্ছেন। পাশাপাশি এক কোটি নয় লাখ কৃষককে দেওয়া হবে স্মার্ট কৃষি কার্ড। এজন্য ‘স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি’ শীর্ষক একটি পাইলট প্রকল্প প্রস্তাব করেছে কৃষি মন্ত্রণালয়।
এটি বাস্তবায়নের সফলতার ওপর ভিত্তি করে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রকল্প হাতে নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৯২ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে এটি উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। খবর সংশ্লিষ্ট সূত্রের।
এ প্রসঙ্গে রোববার বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, শুধু কার্ড করলেই হবে না। এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। কেননা কাগজের কার্ড তো এখনো আছে। সেটি দিয়েও কাজ চলছে। কিন্তু স্মার্ট কার্ড যেন ডিজিটাল পদ্ধতিতেই ব্যবহার করা যায় সেজন্য স্থানীয় পর্যায়ে ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে হবে। সেটি না হলে শুধু কার্ড দেখিয়ে রেজিস্টার খাতায় নাম লিখলাম তা হলে তো হলো না। সেবা গ্রহণকারী ও সেবা দানকারী উভয় দিকে ডিজিটাল প্রস্তুতি থাকতে হবে। এটি না হলে শতকোটি টাকার অপচয়ের শঙ্কা রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) ড. মো. আব্দুর রৌফ বলেন, এই কার্ড হলে অনেক সুবিধা হবে। কৃষকদের নাম ভাঙিয়ে কেউ ঋণ নিয়ে তাদের বিপদে ফেলতে পারবে না। এই কার্ডে থাকা বারকোড স্ক্যান করলে একজন কৃষকের সব তথ্যই চলে আসবে। ফলে সরকারের সব সুবিধা পাবেন কৃষক। এই কার্ডের ব্যবহার ডিজিটাল করা হবে।
সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে এক কোটি ৬২ লাখ কৃষকের সঙ্গে সম্প্রসারণ কর্মী ও কৃষি বিশেষজ্ঞদের যোগাযোগ, তথ্যের আদান-প্রদান ও এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী সেবা কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া ডিজিটাল কৃষি তথ্যের সাহায্যে উৎপাদন পরিকল্পনা ও বাজারজাতকরণ সিদ্ধান্ত নেওয়ায় কৃষক পর্যায়ে ৩০ শতাংশ সক্ষমতা বৃদ্ধি হবে। উত্তম কৃষি ব্যবস্থাপনা পদ্ধতি ডিজিটালাইজেশনের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে ট্রেসিবিলিটি নির্ণয় ১৫ শতাংশ বৃদ্ধি করা এবং নারী কৃষক ও নারী কৃষি উদ্যোক্তাদের ডিজিটাল সচেতনতা ও দক্ষতা উন্নয়নে সহায়তা করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














