কানাডা, আমিরাত ঘুরে মুরাদ আবার ঢাকায়
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-১২ ১৮:১৩:৩৬
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে ব্যর্থ হয়ে আবার দেশে ফিরেছেন। তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটি রোববার বিকেল ৪টা ৫৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রোববার সকাল ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবেন মুরাদ হাসান- এমন খবর আসে। তবে বিমানটি ঢাকায় অবতরণ করলেও তিনি এ ফ্লাইটে আসেননি।
এর আগে কানাডায় ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ডা. মুরাদ। এরপর সেখান থেকে দুবাইগামী একটি ফ্লাইটে তাকে তুলে দেওয়া হয়। পরে দুবাইয়ে ঢুকতে না পেরে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যায়। তার দেশে ফেরার খবরে রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন। তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।
শুক্রবার (১০ ডিসেম্বর) ডা. মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। ওইদিন দুপুর দেড়টায় টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে জানানো হয়, তার সে দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর মুরাদ হাসানকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্যের পর এক চিত্রনায়িকার সঙ্গে মুরাদের অশালীন বক্তব্যের অডিও ফাঁস হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেন মুরাদ।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














