সিগারেট আমদানিতে ১০৫ কোটি টাকা শুল্ক ফাঁকি, ৩ মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০৫ ২১:৪৯:২২


মিথ্যা ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে উচ্চ শুল্কের সিগারেট আমদানি করার অভিযোগে কাস্টমস কর্মকর্তা ও আমদানিকারকসহ ৩১ জনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন মামলায় ১০৫ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ তিনটি মামলা দায়ের করেছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ করা হয়।

২০১৮ সালের বিভিন্ন সময়ে এ জালিয়াতি ও শুল্ক ফাঁকির ঘটনা ঘটে।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক নাজমুস সাদাত বলেন, ‘শুল্ক ফাঁকি ও জালিয়াতির ঘটনাগুলো তদন্ত করেছে দুদকের প্রধান কার্যালয়। প্রাথমিক সত্যতা পাওয়ার পর ঘটনাস্থল চট্টগ্রাম বন্দর হওয়ায় মামলা তিনটি চট্টগ্রামে রেকর্ড হয়েছে।

আসামিরা হলেন রাজস্ব কর্মকর্তা সুলতান আহমদ, রাজস্ব কর্মকর্তা সুলতান আহমদ, প্রাক্তন রাজস্ব কর্মকর্তা হাবিবুল ইসলাম, সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন্নাহার জনি, কাস্টম হাউসের সহকারী প্রগ্রামার কামরুল হক, কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ, তৃতীয় শ্রেণির কর্মচারী আবদুল আল মাছুম, অফিস সহায়ক সিরাজুল ইসলাম, আবুল কামাল (৩৪), আমদানিকারক আবদুল হান্নান দেওয়ান (৪৮), আমদানিকারক মো, সালাউদ্দিন টিটো (৪৮), আমদানিকারক মাহবুবুর রহমান (৪৬), মো. মিজানুর রহমান চাকলাদার (৪৮), মফিজুল ইসলাম লিটন (৫১), সিএন্ডএফ এজেন্ট মেসার্স চাকলাদার সার্ভিসের মালিক হাবিবুর রহমান চাকলাদার (৫৩), আবদুল গোফরান (৩৩) ও জহুরুল ইসলাম (২৬)।

তিন মামলার মধ্যে ১৪ নম্বর মামলায় জিপার ও চায়নিজ নিউ টায়ার ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের সিগারেট আমদানি ও খালাস করে সরকারের ১৬ কোটি ১৪ লাখ ৩৭ হাজার ৭৫০ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ১৫ নম্বর মামলায় পোশাক কারখানার বাটন ও সেফটি পিন ঘোষণা দিয়ে উচ্চ শুল্ক হারের সিগারেট আমদানি করে ৩২ কোটি ২৭ লাখ এক হাজার ৬৪৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। সর্বশেষ ১৬ নম্বর মামলার এজাহারে বলা হয়েছে, চায়নিজ নিউ টায়ার ও এসএস অ্যাকসেসরিজ ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করে ৫৬ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার ৯৭৫ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।

এএ