আমাদের মূল টার্গেট হলো সরকারকে সরানো: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-১২ ১৫:৩৪:০৬
বর্তমানে আওয়ামী লীগ ঘোষণা ছাড়াই জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা মানুষকে নিপীড়ন করছে। এ অবস্থায় আমাদের মূল টার্গেট হলো সরকারকে সরানো। তা না হলে তাদের দুর্বৃত্তায়ন থামবে না।
শনিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। যেভাবে ’৬৯, ’৭১ ও ’৮৯ সালে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেভাবেই আবারও ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন তৈরি করতে হবে।
মির্জা ফখরুল বলেন, জনগণের কথা বলার অধিকার কেড়ে নিতে সরকার নতুন দুটি খসড়া নীতিমালা তৈরি করছে। বিগত ১৪-১৫ বছরে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন হচ্ছে। সেটা হলো যারা এই দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তারা ভিন্ন মতের মানুষদের দমন করছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে। তার কারণ হলো, জনগণের কাছে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই।
তিনি বলেন, এই সরকার আগে একটি ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করেছে। এখন তারা ফের একটি নীতিমালা প্রণয়ন করেছে; যা আরো ভয়াবহ এবং মারাত্মক। এই নীতিমালার ফলে তারা আমাদের কথা বলা বন্ধ করতে চায়। সুতরাং ভার্চুয়াল সভা বা কথা বলাও তারা বন্ধ করতে চাইছে।
মানুষের বাকস্বাধীনতা রক্ষায় অবিলম্বে বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয় প্রস্তাবিত ২টি নীতিমালা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














