ইউক্রেনে আরও ২০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-১৩ ১৪:২৭:৩৯


রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে অতিরিক্ত আরও ২০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার ইউক্রেনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার অনুমোদন দিয়েছেন। ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে রাশিয়া এমনকি বেসামরিক এলাকাতেও বোমাবর্ষণ চলছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন ইতোমধ্যেই ইউক্রেনকে জরুরি ভিত্তিতে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক সহায়তা ঘোষণা করা হয়।

এই সহায়তা প্যাকেজে প্রতিরক্ষামূলক যন্ত্রপাতি, যেমন- সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষাসহ অন্যান্য হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সবকিছুই রাখা হয়েছে।

রাশিয়ার আগ্রাসন বাড়তে থাকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোমিদির জেলেনস্কি ক্রমাগত ওয়াশিংটন, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর কাছে সহায়তা চেয়ে যাচ্ছেন।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছিলেন, আমরা রাশিয়ার আক্রমণের আগেই কিয়েভকে এক বছরে যে এক বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিলাম, তা চলমান থাকবে। প্রতিশ্রুতি অনুযায়ী, ওয়াশিংটন ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত যে সহায়তা কিয়েভকে দিয়েছে, আগামীতে তা আরও বাড়ানো হবে।

সানবিডি/এনজে