মানুষ আর প্রতিবাদ করবে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৬ ২০:৩৫:০২
কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণ প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওরা কাপুরুষ। কলাবাগান মাঠে শিশুরা খেলাধুলা করবে। সেই মাঠ তারা রাখবে না। পুলিশ স্টেশন স্থাপনা করবে। সেখানে একজন প্রটেক্ট করেছে বলে শিশুসহ মহিলাকে ধরে নিয়ে গেছে। কেন? বাহ!
তিনি বলেন, ঢাকা থেকে খেলার মাঠ, পানির লেক, পরিবেশ রক্ষা করার গাছ থাকবে না। আর মানুষ প্রতিবাদ করবে না। প্রতিবাদ করলে মা ছেলেকে থানায় আটকে রাখবে। সাংবাদিকরা ওসিকে জিজ্ঞেস করেছিল কি মামলা? ওসি উত্তর দিতে পারেনি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা এবং ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নিউমার্কেটের ঘটনা নিয়ে রিজভী বলেন, আমরা এক বর্বর আদিম যুগে বাস করছি। নিউমার্কেটের ঘটনায় হেলমেটধারী ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে অথচ মামলা দিল বিএনপি নেতাকর্মীদের নামে। সন্ত্রাসী কর্মকাণ্ড করছে ছাত্রলীগ আর মামলা দিচ্ছে বিএনপির নামে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব প্রমুখ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














