সিগন্যালিং কাজে যুক্ত হচ্ছে দেশি ঠিকাদার

খুলনা-মোংলা রেলপথের ৯০ শতাংশ অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-০৪ ০৯:১৩:৫২


গত ছয়া বছরের বেশি সময়ে ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের। সম্পূর্ণ কাজ শেষ করতে হাতে আছে আরও আট মাস। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে সিগন্যালিং কাজের ঠিকাদার নিয়ে। দরে না পোষায় মিলছে না আন্তর্জাতিক ঠিকাদার। এ কাজে প্রাক্কলিত ব্যয়ের ৫৭ শতাংশের বেশি দাবি করছে তারা। ১ হাজার ৭২১ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকার এ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করতে চায় রেলওয়ে। তাই আন্তর্জাতিক ঠিকাদার বাদ দিয়ে দেশি ঠিকাদার দিয়েই সিগন্যালিং সম্পন্ন করার পথে হাঁটছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, ‘বর্তমানে রেলপথটির নির্মাণ অগ্রগতি ৯০ শতাংশ। রেলপথ প্রকল্পের সময় আছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। আশাকরি এই সময়ই প্রকল্পের কাজ শেষ করতে পারবো। ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুযায়ী বেঁধে দেওয়া সময়ে কাজ সম্পন্ন করার জন্য দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে।’

খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথটি ৬৪ দশমিক ৭৫০ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেললাইনে যুক্ত হবে। রেলপথে সিগন্যালিং কাজের ব্যয় সিডি ভ্যাট বাদে ১৭ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকা ও সিডি ভ্যাটসহ ২২ কোটি ৭ লাখ ৬ হাজার টাকা। মহাপরিচালক দপ্তরের সিগন্যাল ও টেলিকম শাখার দপ্তরাদেশের মাধ্যমে তিন সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে সিডি ভ্যাট বাদে ১৭ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকা এবং সিডি ভ্যাটসহ ২২ কোটি ৬ লাখ ৬১ হাজার টাকা ধরা হয়। ২০২০ সালের জুলাই মাসে প্রথম দরপত্র আহ্বান করা হয়। এতে নয়টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও মাত্র দুটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দাখিল করা দর প্রাক্কলিত মূল্যের চেয়ে ৩৩ দশমিক ৮২ শতাংশ অধিক হওয়ায় দরপত্র মূল্যায়ন কমিটি তা বাতিলের সুপারিশ করে।

২০২১ সালের জুলাই মাসে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা হয় এবং তিনটি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও ২০২১ সালের ২৮ অক্টোবর প্রথমবার একটি প্রতিষ্ঠানসহ মাত্র দুটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দাখিল করা দর দাপ্তরিক ব্যয় থেকে ৫৭ দশমিক ১০ শতাংশ বেশি। অধিক দরের জন্য এই দরও বাতিল করা হয়। সিগন্যালিং কাজে যে টাকা ধরা হয়েছে তা দিয়ে বিদেশি ঠিকাদার পাওয়া যাচ্ছে না। তবে ২২ কোটি টাকা দিয়ে দেশি ঠিকাদার পাওয়া সম্ভব। তাই বিদেশি ঠিকাদার বাদ দিয়ে দেশি ঠিকাদার দিয়ে কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, সিগন্যালিং কাজের জন্য দুবার দরপত্র আহ্বান করেছি। কিন্তু কোনো বিদেশি ঠিকাদার এই টাকায় মিলছে না। তবে ২২ কোটি টাকা দিয়ে দেশি ঠিকাদার পাওয়া সম্ভব। তাই দেশি ঠিকাদার দিয়ে এই কাজ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছি।

সানবিডি/এনজে