ইন্দোনেশিয়া থেকে দেশে আসলো আরও ২ কোটি ৫৪ লাখ লিটার পাম তেল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-০৬ ২১:২৯:৪৫


দুই কোটি ৫৪ লাখ লিটার ইন্দোনেশিয়ান অপরিশোধিত পাম তেল নিয়ে শুক্রবার (৬ মে) চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে নোঙ্গর করেছে দুটি জাহাজ। এখন জাহাজ দুটি থেকে লাইটার জাহাজে তেল খালাসের প্রক্রিয়া চলছে বহিঃনোঙ্গরেই।

রফতানি নিষেধাজ্ঞার আগেই শেষ মুহূর্তে ইন্দোনেশিয়ার বন্দর ত্যাগ করতে পেরেছিলো চট্টগ্রামমুখী এই জাহাজ দুটি। এই নিয়ে ইন্দোনেশিয়া থেকে নিষেধাজ্ঞা কার্যকরের আগের দিন তিন জাহাজে করে আনা ২ কোটি ৮৬ লাখ লিটার পাম তেল আসছে বাংলাদেশে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডার এবং জাহাজের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেডের অপারেশন ম্যানেজার মোহাম্মদ আরিফ জানান, রপ্তানি নিষেধাজ্ঞার আগে শেষ মুহূর্তে ইন্দোনেশিয়ার জলসীমা ত্যাগ করতে পেরেছে চট্টগ্রামমুখী জাহাজ দুটি। এই দুই জাহাজে ২ কোটি ৫৪ লাখ লিটার পাম তেল রয়েছে। এই নিয়ে ইন্দোনেশিয়া থেকে নিষেধাজ্ঞা কার্যকরের আগের দিন তিন জাহাজে করে আনা ২ কোটি ৮৬ লাখ লিটার পাম তেল আসছে দেশে।

এর মধ্যে এক কোটি ৩১ লাখ লিটার অপরিশোধিত পাম তেল নিয়ে শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরে বহিঃনোঙ্গরে নোঙ্গর করেছে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমটি সুমাত্রা পাম। টি কে গ্রুপ এই তেল আমদানি করেছে। জাহাজটি থেকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে লাইটার জাহাজে তেল খালাসের প্রক্রিয়া চলছে।

এর আগে সকালে ১ কোটি ২২ লাখ লিটার পাম তেল নিয়ে নোঙ্গর করে এমটি সানজিন জাহাজ। জাহাজটিতে পাম তেল আমদানি করেছে এস আলম গ্রুপ। ইন্দোনেশিয়ার দুমাই বন্দর থেকে জাহাজ দুটি পাম তেল লোড করে।

এছাড়া নিষেধাজ্ঞা কার্যকরের তিন দিন আগে ইন্দোনেশিয়া ছেড়ে আসা আরেকটি জাহাজও চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। ‘এমটি অউ তৌরুজ’ নামের জাহাজটি এখন ভারতের কৃষ্ণপত্তনাম বন্দরে অবস্থান করছে। সেখানে কিছু পাম তেল খালাস করে কাল শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এই জাহাজে প্রায় ৩৩ লাখ লিটার পাম তেল আমদানি করেছে বহুজাতিক সংস্থা ইউনিলিভার। মূলতঃ নিজেদের প্রসাধন তৈরিতে ব্যবহার হবে এই পাম তেল।

এনবিআর এর তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার দেওয়া নিষেধাজ্ঞার আগে এপ্রিল মাসের ২৮দিনে ১২ কোটি লিটার পাম তেল আমদানি করেছেন এই দেশের ব্যবসায়ীরা। আমদানির পর এই তেল রাখা হয় কাস্টমস বন্ডেন্ড ট্যাংক টার্মিনালে। একই সময়ে পরিশোধনের জন্য কারখানায় নেওয়া হয়েছে ১৩ কোটি লিটার পাম তেল। ট্যাংক টার্মিনালে আগের মজুত থাকায় আমদানির চেয়ে খালাসের হার ছিলো বেশি।

বাংলাদেশে বছরে প্রায় ১৩ লাখ টন পাম তেল আমদানি হয়। যার ৯০ শতাংশ আমদানি হয় ইন্দোনেশিয়া থেকে। মালয়েশিয়ার চেয়ে তুলনামূলক কম দামের কারণেই ইন্দোনেশিয়া থেকে বেশি পাম তেল আমদানি করা হয়। মালয়েশিয়া থেকে আমদানি হয় ১০ শতাংশ।

এএ