ছয় মাসে ৫৫ শতাংশ কমেছে বিটকয়েনের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১০ ২১:০৭:০৫
ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম কয়েক মাস ধরেই নিম্নমুখী রয়েছে। আজ ভার্চুয়াল মুদ্রাটির দাম ৩০ হাজার ডলারের নিচে নেমে গেছে। ক্রিপ্টোকারেন্সি লেনদেন পরিচালনা করা প্রতিষ্ঠান কয়েনবেস এ তথ্য জানিয়েছে। এ নিয়ে বাজারমূল্যের দিক থেকে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির দাম গত বছরের নভেম্বরে সর্বোচ্চে উঠার পর এখন পর্যন্ত ৫৫ শতাংশেরও বেশি কমেছে। খবর বিবিসি ও সিএনবিসি।
গত কয়েক দিন ধরে বিশ্বজুড়ে পুঁজিবাজারগুলোয় মন্দা পরিস্থিতি বিরাজ করছে। ফলে ডিজিটাল সম্পদের মূল্যও কমে যাচ্ছে।সোমবার জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ইনডেক্স প্রায় ২ শতাংশ কমে গেছে।
ক্রিপ্টোকারেন্সি বাজারের প্রায় এক তৃতীয়াংশ বিটকয়েনের দখলে। মুদ্রাটির মোট বাজারমূল্য ৬৫ হাজার কোটি ডলার। বিটকয়েনের সঙ্গে সঙ্গে অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও নিম্নমুখী রয়েছে। গত সপ্তাহে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের দাম ১০ শতাংশেরও বেশি কমেছে। যদিও চলতি বছরের এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির বাজার তুলনামূলক শান্ত রয়েছে। গত কয়েক বছরে ডিজিটাল মুদ্রার বাজারে বড় ধরনের উত্থান-পতন লক্ষ্য করা গেছে।
গত সপ্তাহে বিটকয়েনের দাম কমেছে প্রায় ১০ শতাংশ। আজ ডিজিটাল মুদ্রাটির লেনদেন হয়েছে ২৯ হাজার ৯৯২ ডলারে। চলতি বছর একটি সংকীর্ণ পরিসরে বিটকয়েনের ব্যবসা পরিচালিত হচ্ছে। কারণ মুদ্রাটি ২০২১ সালের শেষ দিকে শীর্ষ উচ্চতায় উঠার পর দাম পুনরুদ্ধারের চেষ্টা করছে। গত বছরের নভেম্বরে সর্বোচ্চ ৬৭ হাজার ৮০২ ডলার ৩০ সেন্টে প্রতি বিটকয়েন লেনদেন হয়েছিল। সে তুলনায় বর্তমানে দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














