বিএনপি কী চায়, তা নিজেরাও জানে না: কাদের
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-১৫ ১৪:১১:২৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি আসলে কী চায়? তারা একবার তত্ত্বাবধায়ক সরকার, কখনও নিরপেক্ষ সরকার আবার কখনও চায় জাতীয় সরকার। বিএনপি আসলে কী চায় তা তারা নিজেরাও জানে না।
রোববার (১৫ মে) সকালে নিজ বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জনগণ নাকি বিএনপি নেতাদের দিকে তাকিয়ে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আসলে জনগণ তাকিয়ে নেই। জনগণ ভাল করেই জানেন যে, যে দলের নেতারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে টেমস নদীর ওপার থেকে নির্দেশনা আসার জন্য। যারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ, এমনকি দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিলও বের করতে পারেনি, সেই দলের দিকে জনগণের তাকিয়ে থেকে লাভ নেই বলেও মনে করেন ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের একেক সময় একেক রকম চাওয়া দেখে জনগণ আজ বিভ্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নেতিবাচক রাজনীতি করতে করতে বিএনপি এখন খাদের কিনারায়।
দেশ ও জাতি নাকি ক্রান্তিকাল অতিক্রম করছে, -বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন আসলে দেশ ও জাতি নয়, ক্রান্তিকাল অতিক্রম করছে বিএনপি।
দেশ কোন পথে যাবে, তার ফয়সালা নাকি রাজপথে হবে,- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন বিদেশে গোপন ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপি রাজপথে আসুক ভাল কথা, তাদের যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচীকে আমরা স্বাগত জানাই।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














