বস্তাপ্রতি ১০০-১৫০ টাকা বেড়েছে চালের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৮ ০৯:৪১:৩৯
হঠাৎ করেই ভারত সরকার দেশটি থেকে গম রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর জেরে ধাপে ধাপে বাড়ছে আটা-ময়দার দাম। এর প্রভাব পড়ছে চালের বাজারে। আটা-ময়দার সঙ্গে সব ধরনের চালের দামও বাড়ছে। যদিও মিলারদের দাবি, মিল পর্যায়ে চালের দাম বাড়ানো হয়নি।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও তেজকুনিপাড়ায় খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে মিনিকেট, নাজিরশাইল ও মোটা চালের দাম বস্তাপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে।
পাইকারিতে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে কেজিতে গড়ে দুই থেকে তিন টাকা বেড়েছে। গত দুই-তিন দিনের ব্যবধানে দুই টাকা বেড়ে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৬ টাকায়। বিআর-২৮ ও পায়জাম জাতীয় চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৮ থেকে ৫২ টাকায়। মোটা চালের (স্বর্ণা ও গুটি জাতের) কেজিতেও দাম বেড়েছে দুই থেকে তিন টাকা। এই চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৬ টাকায়; যা তিন দিন আগেও কেনা গেছে ৪২ থেকে ৪৩ টাকায়।
খুচরা ব্যবসায়ীরা বলেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারে দাম বাড়ছে।
পাইকারি ব্যবসায়ীরা বলেন, গম আমদানি বন্ধ হয়ে গেছে। এর চাপ পড়েছে চালের বাজারে। তা ছাড়া মিলাররা জানিয়েছেন, তাঁরা সরকারকে চাল দিচ্ছেন। ফলে চালের সংকট তৈরি হচ্ছে। এসব কারণে মিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি এবং দাম বাড়ানোর পথে হাঁটছেন।
চালের দাম বাড়ার চিত্র দেখা গেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার দরের প্রতিবেদনেও। সংস্থাটি বলছে, গত এক সপ্তাহে মাঝারি চালের দাম ৩ শতাংশ এবং মোটা চালের দাম ৩ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














