খোলাবাজারে ৯৮ টাকায় নেমেছে ডলারের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৮ ১৭:২৪:০১
খোলা মুদ্রাবাজার বা কার্ব মার্কেটে ১০০ টাকা ছাড়িয়েছিল মার্কিন ডলারের বিনিময় মূল্য। তবে একদিন পরই আজ বুধবার (১৮ মে) ৯৮ টাকায় নেমেছে দর।
মঙ্গলবার এক ডলার প্রায় ১০৩ টাকায় লেনদেন হলেও, বুধবার তা কমে ১০০ টাকার নিচে নেমেছে বলে মুদ্রা ব্যবসায়ী ও ব্রোকাররা জানিয়েছেন।
তবে দাম কমলেও রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়া, পল্টন ও বায়তুল মোকাররমহ বিভিন্ন এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুড়ে দেখা গেছে আজ অনেকটাই ক্রেতাশূন্য কার্ব মার্কেট।
অপরদিকে, কিছু মানি এক্সচেঞ্জ কোম্পানি জানিয়েছে, ডলারের সংকটের মধ্যে চাহিদা ক্রমে বাড়তে থাকায়- এখনও চড়াদামে রয়েছে ডলার। চাহিদা বেশি থাকায় কয়েকটি প্রতিষ্ঠান কমে যাওয়া এই দামে ডলার কিনতে পারেনি বলেও তারা জানিয়েছে।
মতিঝিল কার্ব মার্কেটের একজন ডলার বিক্রেতা মঙ্গলবার নাম না প্রকাশের শর্তে বলেছেন, “গত এক সপ্তাহে চরম আকার ধারণ করেছে ডলার সংকট। প্রতিদিনই এর দাম বাড়ছে। আমরা ডলার কিনতে পারছি না, এমনকী আজ আমি এক ডলারও কিনতে পারিনি ।”
একান্ত প্রয়োজন ছাড়া এসময় কাউকে ডলার না কেনারই পরামর্শ দেন তিনি।
মঙ্গলবার (১৭ মে) রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়া, পল্টন ও বায়তুল মোকাররমহ বিভিন্ন এলাকার মানি এক্সচেঞ্জ কোম্পানিগুলোর প্রতি ডলার বিক্রি হয় ১০০ থেকে ১০২ টাকায়। এর আগের দিন সোমবার কার্ব মার্কেটে ডলার বিনিময় হয়েছিল ৯৭ থেকে ৯৮ টাকায়।
এর আগে গত সোমবার (১৬ মে) বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে। এনিয়ে দুই মাসের মধ্যে তৃতীয়বারের মতো মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে টাকার মান কমায় কেন্দ্রীয় ব্যাংক।
এসময় ডলারের আন্তঃব্যাংক লেনদেন হার ৮০ পয়সা বাড়িয়ে ৮৭.৫০ টাকা করা হয়, যা ছিল দেশের ইতিহাসে একদিনে টাকার সর্বোচ্চ অবমূল্যায়নের ঘটনা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














