আন্দোলন দমানো যাবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৪:২৪:১৬


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দমন-পীড়ন করে আন্দোলন দমানো যাবে না। সব বাধা মোকাবেলা করেই নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে।

সরকার ক্ষমতায় টিকতে দেশজুড়ে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৩০ মে) সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। তার আগে তারা সেই পুরনো কায়দায় ত্রাস সৃষ্টি করছে। আমাদের ছাত্রদের ওপর হামলা, বিভিন্ন জেলায় হামলা, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে এক ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনগুলো জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিন ধরে নানা কর্মসূচি পালন করবে।