হাজী সেলিমের জামিন আবেদনের শুনানি ১ আগস্ট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৬ ১৮:৪২:১৭
দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের জামিন আবেদনের ওপর শুনানির জন্য ১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (৬ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১ আগস্ট পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।
আজ আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
গত ২৪ মে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেছিলেন হাজী সেলিম।
এর আগে গত ২২ মে হাইকোর্টের রায় অনুসারে আত্মসমর্পণ করার পর ঢাকার বিশেষ জজ আদালত-৭’র বিচারক শহিদুল ইসলাম পুরান ঢাকা এ সংসদ সদস্যের জামিন নামঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাকে কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার আবেদন জানান। বিচারক কারাবিধি অনুযায়ী জেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।
রায়ে তিন বছরের দণ্ড থেকে খালাস পান হাজী সেলিম। দুই বিচারপতির সইয়ের পর ৬৮ পৃষ্ঠার রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন হাইকোর্ট।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














