‘সমস্ত রাজনৈতিক দল-সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১২ ১৬:২৩:৪৩


খুব শিগগিরই গণআন্দোলন শুরু হতে যাচ্ছে। সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের সব মানুষও ঐক্যবদ্ধ হচ্ছে।

রোববার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

হুঁশিয়ারি উচ্চারণ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে, কিছুটা রক্ষা পেতে পারেন। এরপর আর পালাবার সময় পাবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই—সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, যে দুর্বার গণআন্দোলন শুরু হবে, তার মাধ্যমে এ ভয়াবহ দানব সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ না দেওয়ার কারণ হচ্ছে—এই ফ্যাসিবাদী সরকার, তাঁকে ভয় পায়।

‘জীবনে কারও কাছে কখনও মাথা নত করব না’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচার এরশাদ যখন ৮২ সালে ক্ষমতা দখল করে, তখন ২৪ মার্চ তিনি বলেছিলেন—উই আর নট আনহ্যাপি, আমরাও অখুশি নই। আবার এক-এগারোর অবৈধ সরকারের সময় যখন ফখরুদ্দিন-মইনউদ্দিন রাষ্ট্রক্ষমতা দখল করেছিল, তখন বিমানবন্দরে ঘোষণা দিয়েছিলেন—এই সেনা সমর্থিত অবৈধ সরকারের সমস্ত কার্যক্রম আপনি বৈধ করে দেবেন। আমাদের মেমোরি এখনো এত কমে যায়নি। এ জন্য আমরা বলি—আপনি বরাবরই আঁতাত করে ক্ষমতায় এসেছেন, আপনারা বরাবরই ওই শক্তির সঙ্গে আঁতাত করেছেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করে, গণতন্ত্রকে ধ্বংস করে।’

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রশিদ হাবীব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বিএনপিনেতা আবদুস সালাম আজাদ, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।