বছরে ১৬০৪ কোটি টাকা টোল আসবে পদ্মা সেতু থেকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৩ ১৫:৩৪:০১


পদ্মাসেতু থেকে মাসে ১৩৩ কোটি ৬৬ লাখ টাকা টোল আদায়ের লক্ষমাত্র‍া নির্ধারণ করা হয়েছে।বছরের হিসেবে তা হবে ১ হাজার ৬০৩ কোটি ৯৭ লাখ টাকা। এ টাকা দিয়ে সেতুর রক্ষণাবেক্ষণ ছাড়াও নির্মাণ খরচের ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কোনো উন্নয়ন সহযোগী বা প্রতিষ্ঠানকে নয়, স্বয়ং বাংলাদেশ সরকারকে ৩৫ বছরে সুদসহ ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মিত। এর পুরোটাই সরকারের কাছ থেকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ঋণ হিসেবে গ্রহণ করেছে। চুক্তির অনুচ্ছেদ ২ মোতাবেক ঋণের অর্থ প্রকল্প সমাপ্তির পর বার্ষিক ১ শতাংশ হারে সুদসহ ৩৫ বছরে ১৪০ কিস্তিতে পরিশোধ করতে হবে। এছাড়া নকশা প্রণয়নের সময় নেওয়া ২১১ কোটি টাকার বিপরীতে ৩৪০ কোটি টাকা পরিশোধ করতে হবে ।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেতু নির্মাণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে। আগামী ৩৫ বছরে সরকারকে সুদে আসলে ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

ঋণ পরিশোধ, সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয়, নদীশাসন এবং আদায়কৃত টোলের ট্যাক্স ও ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার জন্য টাকা প্রয়োজন। এসব টাকা সেতুতে চলাচলকারী যানবাহনের উপর টোল আরোপ করে উঠানো হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ফেরি পারাপারের বিদ্যমান টোল হারকে ভিত্তি ধরে সর্বোচ্চ ৫০ শতাংশ বৃদ্ধি করে টোল নির্ধারণ করা হয়েছে। বিআইডব্লিউটিসির মাধ্যমে মাওয়া-জাজিরা রুটে ফেরিতে বর্তমানে চলাচলকারী যানবাহনের (নভেম্বর ২০২০ এর তথ্য অনুযায়ী) আদায়কৃত টোল হার অনুযায়ী মাসে ৫ কোটি ৬০ লাখ টাকা, বছরে ৬৭ কোটি ২০ লাখ টাকা আদায় হয়। এর দেড়গুণ হলে মাসে ৮ কোটি ৬৫ লাখ টাকা হিসেবে বছরে ১০৩ কোটি ৮৫ লাখ টাকা টোল আদায় হওয়ার কথা।

অন্যদিকে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১০ সালে দাখিলকৃত পদ্মা সেতুর ডিটেইলড ইকোনমিক অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস সম্বলিত প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ট্রাফিক ফোরকাস্ট হিসেবে ফেরির টোল হারের দেড়গুণ হিসেবে মাসে টোল আদায় হবে ১৩৩ কোটি ৬৬ লাখ টাকা। এ প্রতিবেদনের ভিত্তিতেই সরকার আশা করছে বছরে ১ হাজার ৬০৩ কোটি ৯৭ লাখ টাকা টোল আদায় হবে।

সানবিডি/এনজে