সিনেট অধিবেশন বর্জনের ঘোষণা নুরের

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-১৬ ১৫:২০:২২


ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিনেটের বার্ষিক অধিবেশন বর্জনের ঘোষণা দিয়েছেন সিনেটের শিক্ষার্থী-প্রতিনিধি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। তবে ‘নৈতিকতার’ জায়গা থেকে এ অধিবেশন বর্জনের ঘোষণা দিয়েছেন নুর।

এ বিষয়ে তিনি বলেন, অচল ও মেয়াদোত্তীর্ণ ডাকসুর প্রতিনিধি হয়ে সিনেটের কার্যক্রমে অংশগ্রহণ করা নৈতিকতাবিরোধী। এ কারণে গত এক বছর সিনেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভায় আমন্ত্রণ পেলেও আমি অংশগ্রহণ করিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সিনেটের বার্ষিক অধিবেশনে অংশ নিচ্ছি না।

তিনি আরও বলেন, অবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক।