‘বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অবর্তমানে তারেক’

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২২ ১৯:৪৬:০৮


বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, তা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।

বুধবার (২২ জুন) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ খবর দেন ফখরুল।

বিএনপিতে নেতৃত্বের সংকট নেই দাবি করে ফখরুল বলেন, আওয়ামী লীগে নেতৃত্বের সংকট রয়েছে। তাদের শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। শেখ হাসিনা চলে গেলে কী যুদ্ধ হবে, তা কেবল তারাই (আওয়ামী লীগ) বলতে পারবে।

মির্জা ফখরুল আরও বলেন, প্রথমে তাকে (শেখ হাসিনা) সরে যেতে হবে। পরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তখনই না কেবল প্রশ্ন আসবে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতে চান বিএনপি ক্ষমতায় এলে কাকে সরকারপ্রধান করবে।

এদিকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানের দাওয়াত পেয়ে বিএনপি যাবে না বলে জানিয়ে দিয়েছেন এই সংবাদ সম্মেলনে। মির্জা ফখরুল এ বিষয়ে বলেন, যারা মানুষ হত্যা করে, বিশিষ্টদের চুবিয়ে মারতে চায়, তাদের আমন্ত্রণে বিএনপি নেতাকর্মীরা যাবেন না।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।